খালেদা জিয়া স্মরণে আলোর অন্বেষণ’র শোকসভা
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬, ৯:০৪:০৬ অপরাহ্ন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার আপসহীন প্রতীক। স্বৈরশাসনের বিরুদ্ধে তাঁর সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। দেশ ও জনগণের জন্য ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা আগামী প্রজন্মকে পথ দেখাবে।
তিনি শনিবার রাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর অন্বেষণ’ আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
আলোর অন্বেষণ’র সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও কবি কামাল আহমদের পরিচালনায় নগরীর জিন্দাবাজারস্থ কাজী নজরুল একাডেমি হল রুমে অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক সালেহ আহমদ খসরু, কবি ও গবেষক ড. মোস্তফা আহমদ মুশতাক, সৈয়দ নাসির উদ্দিন (র.) স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হুমায়ুন আহমদ মাসুক ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক জহির হোসেন তুহিন।
আলোর অন্বেষণ-এর ধর্ম বিষয়ক সম্পাদক হাসান আহমদ সানির পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা শামসীর হারুনুর রশীদ।
এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- কবি মাজহারুল ইসলাম মেনন, কবি সুয়েজ হোসেন, ছড়াকার ইলহাম সাদি, আলোর অন্বেষণ-এর সিনিয়র সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ, তরুণ সমাজসেবক আনহার মিয়া, এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ শাকিল ও আকবর হোসেন প্রমূখ। বিজ্ঞপ্তি





