সিলেটে মালিক-ফয়সলসহ ৪ জনের মনোনয়ন বৈধ : এহতেশামের বাতিল
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬, ৯:১৬:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট জেলায় স্থগিত হওয়া ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র ঘোষণা করা হয়েছে। এছাড়া স্থগিত হওয়া একজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারী) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারোয়ার আলম কাগজপত্র যাছাই-বাছাই শেষে এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার ৪ প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছিলো। এদের মধ্যে বিএনপির এমএ মালিক, ফয়সল চৌধুরী, এনসিপির এহতেশাম ও সিলেট-৬ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমানসহ ৫ জনের মনোনয়নপত্র স্থগিত করা করা হয়েছিলো দ্বৈত নাগরিকত্ব ছাড়ার কাগজপত্র জমা না দেওয়ার কারণে। রোববার তাদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এমএ মালিক ও সিলেট-৬ আসনে দলটির প্রার্থী ফয়সল চৌধুরীসহ সিলেটে স্থগিত হওয়া ৪ প্রার্থীর মনোনয়ন গৃহীত হয়েছে। তবে সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশামুল হকের মনোনয়ন বাতিল হয়েছে। সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী ও সিলেট-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী মুজিবুর রহমানের মনোনয়ন স্থগিত হয়েছিলো অন্যান্য কাগজপত্রের অপ্রতুলতার কারণে।
জানা গেছে, এনসিপি প্রার্থী এহতেশামুল হক ছাড়া বাকী ৪ জনই কাগজপত্র জমা দেওয়ায় রোববার তাদের মনোনয়নপত্র বৈধ বলে গৃহিত হয়। তবে এহতেশামুল হক যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়ার কোন কাগজপত্র দেখাতে না পারায় তার মনোনয়ন বাতিল করা হয়। তবে এহতেশামুল হক তার হলফনামায় উল্লেখ করেছেন গত ২২ অক্টোবর তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন। সিলেটের ছয়টি আসন থেকে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে শনিবার ৫ জনের মনোয়নপত্র স্থগিত ও ৭ জনের বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।





