ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬, ৯:২৪:৫০ অপরাহ্ন

স্পোটর্স ডেস্ক: মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ও ভারতের ক্রীড়াঙ্গনজুড়ে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বে ভারতের মাটিতে বাংলাদেশের চারটি ম্যাচ থাকলেও, সেখানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার দুপুরে অনুষ্ঠিত জরুরি বৈঠকে বিসিবির ১৭ জন বোর্ড পরিচালক একত্রে সিদ্ধান্ত নেন-ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচেই অংশ নেবে না বাংলাদেশ। এই সিদ্ধান্তের কথা জানিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
বিসিবির পক্ষ থেকে প্রথমে আইসিসিকে তিনটি আলাদা বিষয়ে অবহিত করার পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত একটি স্পষ্ট দাবিই জানানো হয়েছে-বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো যেন ভারতের বাইরে আয়োজন করা হয়।
এই সিদ্ধান্তের পেছনে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট নিরাপত্তা ও ন্যায়সংগততার প্রশ্নকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি ঘিরে দেশের ক্রীড়াঙ্গনসহ আন্তর্জাতিক ক্রিকেট মহলেও শুরু হয়েছে আলোচনা।
বিসিবির পাঠানো ই-মেইলে আইসিসিকে জানানো হয়, ‘নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়।’ যে কারণে ভেন্যু সরিয়ে নিতেও আবেদন করেছে বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক শ্রীলংকা। এর আগে পাকিস্তানের সঙ্গে বিরোধের জেরে তাদের সব ম্যাচই লংকান ভেন্যুতে নির্ধারিত হয়েছে।
দুই উপদেষ্টার প্রতিক্রিয়া: এদিকে বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যক ফেসবুকে এক পোস্টে আসিফ নজরুল লেখেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।
আইপিএল থেকে বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে সরাসরি ‘ন্যাক্কারজনক’ বলে অভিহিত করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, এই ঘটনায় বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতির প্রতিফলন দেখেছেন এবং বিষয়টি তাদের গভীরভাবে ব্যথিত করেছে।
শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, “আইপিএলে মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যাক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন।”





