পবিত্র কুরআন থেকে আমাদের শিক্ষা নিতে হবে : শাবি ভিসি
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬, ৮:২৩:৪২ অপরাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, শিক্ষা সব সময়ই গুরুত্বপূর্ণ। শিক্ষার প্রথম স্তর ছিল অহিভিত্তিক শিক্ষা, কুরআনের শিক্ষা। পবিত্র কুরআন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বর্তমান বিজ্ঞানভিত্তিক শিক্ষার বীজও শুরু থেকেই এতে নিহিত ছিল। যুগে যুগে নবী-রাসুলগণ কুরআনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাই ইসলামি শিক্ষাকে যথাযথ গুরুত্ব দিতে হবে। তিনি রোববার (৪ জানুয়ারি) বেলা ১২টায় বিশ্বনাথের ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদরাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী আরও বলেন, শতবর্ষ পূর্তি যেকোনো প্রতিষ্ঠানের জন্যই অত্যন্ত গৌরবের বিষয়। শাবিপ্রবির বয়স বর্তমানে ৩৫ বছর। সে তুলনায় ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদরাসা অনেক পুরোনো। শতবছরের পথচলায় ইসলামিক প্রতিষ্ঠানগুলোর বিকাশ কখনোই সহজ ছিল না। নানা সংকট ও অবহেলার মুখোমুখি হতে হয়েছে। তবে সব বাধা-বিপত্তি উপেক্ষা করেই এসব প্রতিষ্ঠান টিকে আছে এবং এগিয়ে চলছে। এ প্রতিষ্ঠান ভবিষ্যতে আরও এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।
রাগীব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি রাগীব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং সিলেট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনা প্রমুখ। বিজ্ঞপ্তি





