ওসমান হাদির নামে এমসি কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লকের নামকরণ
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬, ৯:০২:০০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লকের নতুন নামকরণ করা হয়েছে। ব্লকটির নতুন নাম রাখা হয়েছে ‘শহীদ ওসমান হাদি হল’। গত ৩ জানুয়ারি বিকালে ছাত্রাবাসে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন ছাত্রাবাস মসজিদের ইমাম। দোয়ায় ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করে তার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়।
দোয়া শেষে আনুষ্ঠানিকভাবে প্রথম ব্লকের নাম ‘শহীদ ওসমান হাদি হল’ হিসেবে ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম ছাত্রাবাসের প্রিফেক্ট তালহা। ছাত্রাবাসে বসবাসরত শিক্ষার্থীদের সম্মিলিত সমর্থনে এ নামকরণ কার্যক্রম সম্পন্ন হয়।
নামকরণ অনুষ্ঠানে ছাত্রাবাসের সিনিয়র শিক্ষার্থী মাহমুদুল হাসান, মো. রাজু খান, সুহেল আহমেদ, সিজান, সুহাগ ও জাবেরসহ বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





