১৩ লাখ ৮০ হাজার টন জ্বালানি তেল কেনা হচ্ছে
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৬, ৭:৫৮:১০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ছয় দেশের সাতটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে ১৩ লাখ ৮০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১০ হাজার ৮২৬ কোটি ১১ লাখ টাকা। দেশগুলো হলো- চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। সেখান থেকে চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়ে সরকারের সঙ্গে সরকারের (জিটুজি) মেয়াদি চুক্তির ভিত্তিতে এ তেল আমদানি করা হবে।
গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বাজেট ও ব্যাংকঋণের অর্থ দিয়ে তেল আমদানি করা হবে। বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব উপস্থাপন করা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দেয়।





