রাজনৈতিক দলের ইশতেহারে অনগ্রসর জনগোষ্ঠির জন্য পরিকল্পনা থাকা উচিত
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৬, ৮:৪৫:০০ অপরাহ্ন
সিলেটে সমষ্টি’র এফজিডি সভা

স্টাফ রিপোর্টার : কোন নাগরিককে পেছনে রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলোকে এগিয়ে নেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। দলিত, বেঁদে, সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী, ট্রান্সজেন্ডার, চা-শ্রমিকসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি সমাজের অন্য জনগোষ্ঠীর মানুষের দৃষ্টিভঙ্গিও বদলাতে হবে। তাদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। এজন্য আগামী নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দলের ইশতেহারেও এসব জনগোষ্ঠির জন্য সুষ্পষ্ট পরিকল্পনা নিতে হবে। তবে সবার আগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রকৃত চিত্র গণমাধ্যমে ফুটে উঠতে হবে।
মঙ্গলবার বেসরকারী উন্নয়ন সংস্থা সমষ্টি’র উদ্যোগে সাংবাদিকদের সাথে এক এফজিডি সভায় আলোচকেরা এসব কথা বলেন। সিলেট নগরের মিরবক্সটুলাস্থ দৈনিক দেশবার্তা অফিসে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন সমষ্টির প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহিদুল হক খান। সভাপতিত্ব করেন দৈনিক দেশবার্তার আঞ্চলিক সম্পাদক লিয়াকত শাহ ফরিদী।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক উত্তরপূর্বের সাব এডিটর মনিকা ইসলাম, দৈনিক জালালাবাদের যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, জিটিভির সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, খবরের কাগজের স্টাফ রিপোর্টার শাকিলা ববি, সিলেটের মানচিত্র’র চীফ রিপোর্টার কাইয়ুম উল্লাস, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার অমিতা সিনহা, চ্যানেল আই’র সাংবাদিক সুবর্ণা হামিদ, সিলেটভিউয়ের স্টাফ রিপোর্টার সুব্রত দাস ও নতুন সময়ের স্টাফ রিপোর্টার আবু সাঈদ।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলোকে সামনে এগিয়ে নেওয়া রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে সমষ্টির প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহিদুল হক খান বলেন, এটিই রাষ্ট্রীয় মূলনীতি বা সংবিধানের নির্দেশ। যারা পিছিয়ে পড়েছে, তাদের জন্য গণমাধ্যমকেই মূখ্য ভূমিকা রাখতে হবে।।
দৈনিক দেশবার্তার আঞ্চলিক সম্পাদক লিয়াকত শাহ ফরিদী বলেন, সমাজে যারা অনগ্রসর আর যারা অতি অনগ্রসর, তাদের সংজ্ঞায়িত করে তথ্য-উপাত্ত ও তালিকা করা প্রয়োজন। সমান বা একটু সুযোগ পেলেই পিছিয়ে পড়া মানুষেরাও যে অনেক ভালো করেন, তার অনেক উদাহরণ আছে। তাই রাজনৈতিক দলের ইশতেহারে এসব জনগোষ্ঠির জন্য সুষ্পষ্ট পরিকল্পনা নিতে হবে।





