সিলেটের নির্বাচন সমন্বয় ও অভিযোগ গ্রহণে ইসির কর্মকর্তা নিয়োগ
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৬, ৮:৫২:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট অঞ্চলে নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।কমিশনের পক্ষ থেকে ৬ জানুয়ারি পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, অঞ্চলভিত্তিকভাবে কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন, যেখানে সিলেট অঞ্চলের সমন্বয় ও অভিযোগ গ্রহণের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মিসবাহ উদ্দীন আহমেদ। ইসি কর্মকর্তাদের ভাষ্যমতে, সিলেট অঞ্চলের নাগরিকরা সরাসরি তার মোবাইল ফোন ও নির্ধারিত ইমেইলের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।
ইসি জানিয়েছে, সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিসবাহ উদ্দীনের মোবাইল নম্বর-০১৭১৭২৪৪০৭৮ এবং ইমেইল ঠিকানা: sylhet.region.complain@ecs.gov.bd। এর মাধ্যমে ঘরে বসেই অভিযোগ জানানো যাবে।
পাশাপাশি কেন্দ্রীয়ভাবে centralcord.complain@ecs.gov.bd ও mscentralcord.complain@ecs.gov.bd —এই দুই ইমেইলেও নির্বাচন-সংক্রান্ত অভিযোগ পাঠানোর সুযোগ রয়েছে বলে কমিশন নিশ্চিত করেছে।
এদিকে, ত্রয়োদশ সংসদ নির্বাচন-সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও অনুসন্ধানে ইসি গত ১৪ ডিসেম্বর ২০২৫ দেশের ৩০০ আসনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে।
কমিশনের ভাষ্য, সিলেটের সংসদীয় আসনগুলোর নির্বাচন-সংক্রান্ত অভিযোগ এসব কমিটির কাছেও সরাসরি দায়ের করা যাবে। নির্বাচন কমিশন কর্মকর্তাদের দাবি, নির্বাচনি তথ্য ও অভিযোগ গ্রহণের এ কার্যক্রম দেশের পাশাপাশি সিলেট বিভাগের আইন-শৃঙ্খলা ও নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা রাখবে। নির্বাচন-সংক্রান্ত যেকোনো তথ্য ও অভিযোগ গ্রহণে সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তৎপরতা অব্যাহত থাকবে বলে কমিশনের পক্ষ থেকে ‘আশাবাদ’ ব্যক্ত করা হয়েছে।





