সিলেট চেম্বারে ‘ফ্যাশন ডিজাইনিং’ বিষয়ক কর্মশালার সনদপত্র প্রদান
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৬, ৬:৪১:৫৭ অপরাহ্ন

এসএমই ফাউন্ডেশন ও সিলেট চেম্বারের উদ্যোগে ‘ফ্যাশন ডিজাইনিং’ বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনি ও সনদপত্র প্রদান অনুষ্ঠান বুধবার চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট চেম্বারের উপ-নির্বাহী সচিব সানু উদ্দিন রুবেল, উপ-নির্বাহী সচিব মো. আজিজুর রহিম খান ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক মিজানুর রহমান। বক্তাগণ বলেন, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিলেটের এসএমই উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে সিলেট চেম্বার ও এসএমই ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ একত্রে কাজ করে যাচ্ছে। পর্যটন নগরী এবং প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবে সিলেটের প্রেক্ষাপটে ফ্যাশন ডিজাইনিং খাতটি অত্যন্ত সম্ভাবনাময়। নিত্যনতুন ডিজাইনের কাপড় উৎপাদন করে পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি এখান থেকে উদ্যোক্তারা উৎপাদিত সামগ্রী সরাসরি ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করতে পারেন।
সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী সাঈদুর রহমান মাসুদ। অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ সাঈদ খান, মো. ইমরান হোসেন এবং প্রশিক্ষণার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি





