জকিগঞ্জে গ্রাম পুলিশদের প্রশিক্ষণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৬, ৮:১০:৩৩ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেটের জকিগঞ্জ উপজেলায় গ্রাম পুলিশদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব। এই দায়িত্ব পালনে মাঠপর্যায়ের প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। তিনি গ্রাম পুলিশদের সর্বোচ্চ আন্তরিকতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস এবং জকিগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই অনুপ সাগর গুপ্ত।প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৯টি ইউনিয়নের মোট ৮২ জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নির্বাচনী আচরণবিধি, দায়িত্ব পালনের কৌশল, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় এবং সাধারণ জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।





