রায়হান হত্যা মামলার অধিকতর শুনানী
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৬, ৯:০০:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিন হত্যা মামলায় অধিকতর শুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সিলেটের মহানগর দায়রা জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে অধিকতর শুনানী হয়। এসময় কারাবন্দি একমাত্র আসামী সহকারী উপ-পরিদর্শক (বরখাস্তকৃত) আশেক এলাহী উপস্থিতি ছিলেন।
শুনানীর সময় আদালত কাঠগড়ায় থাকা আসামী ও তার আইনজীবীর বক্তব্য শুনেন। বাদী পক্ষের আইনজীবীদের কাছে এসব বিষয়ে বক্তব্য জানতে চাইলে তারাও বিস্তারিত আদালতকে জানান। এদিকে আলোচিত রায়হান হত্যা মামলার পরবর্তী শুনানী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার ফজল চৌধুরী বলেন, বুধবার আদালত অধিকতর শুনানী করেছেন কারাবন্দি আসামী আশেক এলাহীর উপস্থিতিতে। আদালত আমাদের কাছে বিভিন্ন বিষয়ে বক্তব্য জানতে চাইলে আমরা আদালতে তা বর্ণনা দেই। রায়ের বিষয়ে তিনি বলেন, মামলায় অনেক সাক্ষী রয়েছেন। অনেক প্রমাণও রয়েছে। তাই আদালত অধিকতর শুনানী করে যাচ্ছেন।





