৮ জেলায় শৈত্যপ্রবাহ
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৬, ৮:০৪:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: দেশের আট জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে ঝলমলে রোদ থাকায় সিলেটে গেল কয়েকদিনের মতো শীত এতটা তীব্র অনুভূত না হলেও তাপমাত্রার পারদ ঠিকই আগের চেয়ে নেমেছে। বৃহস্পতিবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা আগেরদিন ছিল ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, কুয়াশা ও শৈত্যপ্রবাহের এই পরিস্থিতি আরও কয়েক দিন থাকতে পারে। বিশেষ করে রাত ও ভোরে নদী অববাহিকা ও সড়কে চলাচলের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রায় হাড় কাঁপানো শীতে কাঁপে চায়ের রাজধানী। দিনভর সূর্যের দেখা ছিল না। কুয়াশার চাদরে ঢাকা ছিল চারপাশ। হিমেল হাওয়ার দাপটে কেঁপে ওঠে পাহাড়-হাওর আর চা-বাগানের জনপদ।
বৃহস্পতিবার সকাল ৬টায় সিলেট বিভাগের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গত বুধবার ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সোমবার ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে রংপুর বিভাগের সব জেলা ও রাজশাহী বিভাগের সব জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এ ছাড়াও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে-গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া। রংপুর ও রাজশাহী বিভাগে শৈত্যপ্রবাহ চলছে।





