ছাতক সিমেন্ট কারখানা ও এলজিইডির প্রকল্প পরিদর্শনে শিল্প উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ৫:৫৬:০৯ অপরাহ্ন

ছাতক সংবাদদাতা: এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন ‘ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের আওতায় হাতক-কাটাখালী ভায়া দোয়ারাবাজার সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
শুক্রবার সকালে তিনি প্রকল্প এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা আদিলুর রহমান খান ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড (সিসিসিএল) এর কারখানা পরিদর্শন করেন।পাশাপাশি ছাতক সিমেন্টের ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরকরণ প্রকল্প পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও জ্বালানি সাশ্রয়ের ফলে রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান আরও লাভজনক ও টেকসই হবে। পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এলজিইডি, সিসিসিএল এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





