১৮তম হিলালপুর প্রিমিয়ার লীগ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ৮:১৯:৫৯ অপরাহ্ন

প্রতিবারের মতো বর্ণিল আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর প্রিমিয়ার লীগের ১৮তম আসর সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হিলালপুর মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন হিলালপুর ক্রিকেট এসোসিয়েশনের পরিচালক ও হিলালপুর জামে মসজিদের ক্যাশিয়ার সুলেমান আহমেদ, হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘ এর সাবেক সভাপতি কাসেদুল ইসলাম সাকের, বর্তমান সভাপতি ইসমাইল আহমদ ও গ্রামের যুব নেতা জামিল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক ও ইউরো বাংলা ও এলবি ২৪-এর ব্যবস্থাপনা সম্পাদক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল।
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেন, হিলালপুর একটি আদর্শ গ্রাম হিসেবে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। এই গ্রামে জন্ম নেওয়া বহু গুণীজন দেশে ও বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। হিলালপুর ক্রিকেট এসোসিয়েশনের মাধ্যমে টানা ১৮ বছর ধরে প্রিমিয়ার লীগ আয়োজন একটি বিরল দৃষ্টান্ত ও গ্রামের জন্য বড় গৌরবের বিষয়। খেলাধুলা শুধু দেহ নয়, মনকেও সুস্থ রাখে এবং মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বরাবরের মতো এবারের টুর্নামেন্টে ৪টি দল অংশগ্রহণ করে। টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন সুলেমান আহমেদ, কাসেদুল ইসলাম সাকের, জামিল হোসেন ও ইসমাইল আহমদ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল। বিজ্ঞপ্তি





