চার কলেজে সিলেট বোডের্র প্রাইভেট এইচএসসি পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ৮:৫৪:১১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা সিলেট বিভাগের চার জেলার চারটি সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রাইভেট পরীক্ষার্থীরা এই চার কেন্দ্র সিলেক্ট করে রেজিস্ট্রেশন করতে পারবেন। এবার শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২৯০ টাকা। সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এসএসসি পরীক্ষা ২০২১ ও ২০২২ সালের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২০ ও ২০২১ সালের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রাইভেট পরীক্ষার্থীকে নির্ধারিত নিচের যেকোনো একটি কলেজের মাধ্যমে পরীক্ষায় অংশ নিতে হবে। কলেজগুলো হলো- সিলেট সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ।
বোর্ড জানায়, প্রাইভেট পরীক্ষার্থী যে কলেজের মাধ্যমে নিবন্ধন করবেন, সে কলেজের জন্য নির্ধারিত কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে হবে। কোনো অবস্থাতেই কেন্দ্র পরিবর্তন করা যাবে না। প্রাইভেট পরীক্ষার্থীরা কেবল মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবেন। প্রাইভেট পরীক্ষার্থীদেরকে বোর্ড থেকে নির্ধারিত কলেজের অধ্যক্ষের কাছে ২৯ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় ফি ও অন্য দলিলসহ সাদা কাগজে আবেদন করতে হবে। প্রাইভেট পরীক্ষার্থীপ্রতি তালিকাভুক্তি ফি মোট ২৯০ টাকা। এসএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মূল নম্বরপত্র সাজিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দিয়ে সত্যায়িত করে ২৫ জানুয়ারির মধ্যে বোর্ডের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।





