শাবির ভর্তি পরীক্ষায় এসএমপির বিশেষ নির্দেশনা
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৬, ৯:১৬:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে সিলেট মহানগর এলাকায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গতকাল রোববার এসএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী মঙ্গল ও বুধবার (১৩ ও ১৪ জানুয়ারি ভর্তি পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষের এক ঘণ্টা পর পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে। এ ছাড়া কেন্দ্র এলাকায় গান-বাজনা, উচ্চস্বরে চিৎকার, মাইক ও লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার এবং অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোকে অস্থায়ী সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো হলো আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ এবং শাবিপ্রবি ক্যাম্পাস। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব নিষেধাজ্ঞা ১৩ ও ১৪ জানুয়ারি সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত কার্যকর থাকবে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





