শাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৮:৫৯:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে ৯৮৫ আসনের বিপরীতে ৫২ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ‘এ’ ইউনিটে প্রতি আসনে গড় প্রতিদ্বন্দ্বী ৫৩ দশমিক ৬৪ জন।
ভর্তি কমিটি জানিয়েছে, ‘এ’ ইউনিটে ঢাকার ৭৪টি উপ-কেন্দ্রে পরীক্ষা দেবে ৪৩ হাজার ২৫৭ জন শিক্ষার্থী। আর সিলেটের ১৮টি উপ-কেন্দ্রে পরীক্ষা দেবে নয় হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত উচ্চ বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ (বুয়েট), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ, গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ, বিটিসিএল আইডিয়াল স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, রায়হান স্কুল অ্যান্ড কলেজ ও মগবাজার গার্লস হাইস্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম জালালাবাদকে বলেন, ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ করতে কেন্দ্রগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে।





