সিলেট-৫ আসনের চার প্রার্থীকে শোকজ
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৬:৫৯:১৯ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের চারজন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে এ নোটিশ জারি করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শোকজপ্রাপ্ত প্রার্থীরা হলেন, বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আনওয়ার হোসাইন খান, খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান এবং স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মামুনুর রশীদ (চাকসু মামুন)।
নোটিশ অনুযায়ী, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ও মামুনুর রশীদ (চাকসু মামুন)-কে আগামী ১৪ জানুয়ারি এবং মাওলানা আনওয়ার হোসাইন খান ও মুফতি আবুল হাসান-কে ১৫ জানুয়ারি সিলেটের মুখ্য জেলা ও দায়রা জজ আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।





