শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব : মুকতাবিস-উন-নূর
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৮:৪৮:০৭ অপরাহ্ন

সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেছেন, শীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবন যাপন কঠিন হয়ে পড়ে। আমাদের সমাজের অনেক অভাবী মানুষ রয়েছেন যারা লোকলজ্জার ভয়ে কারো কাছে হাত পাতেননা। সমাজের এমন মানুষের পাশে সাধ্যমত দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব। আনজুমানে খেদমতে কুরআন যে কোন দুর্যোগে সমাজের সেই সকল মানুষের পাশে দাঁড়ায়, যাদের সাহায্যে অনেকেই এগিয়ে আসেনা। এবারও আনজুমান সমাজের সেই সব সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। সামর্থ অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে সকলের এগিয়ে আসা উচিত।
তিনি বুধবার সন্ধ্যায় নগরীতে আনজমুানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আনজুমানের সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহুদ্দীনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ফখরুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেয়া হয়। বিজ্ঞপ্তি





