শাবির ‘বি’ ইউনিটে উপস্থিতি ৮১.৮৭ শতাংশ
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৯:০১:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা ও সিলেটের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভর্তি কমিটি জানিয়েছে, ‘বি’ ইউনিটে ৫৮১ আসনের বিপরীতে ১৮ হাজার ২৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় উপস্থিতির শতকরা হার ৮১.৭১ শতাংশ। প্রতি আসনের বিপরীতে গড় প্রতিদ্বন্দ্বীতা করেছেন ৩১.৪১ শতাংশ।
ভর্তি কমিটির তথ্য মতে, ‘বি’ ইউনিটে ঢাকায় পরীক্ষা দিয়েছেন ১১ হাজার ৪১ জন। অনুপস্থিত ২ হাজার ৭৯৭ জন। সিলেটে পরীক্ষা দিয়েছেন ৭ হাজার ২১১ জন। অনুপস্থিত ১ হাজার ২৪৫ জন। সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ৫৮১ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ২২ হাজার ২৯২ জন শিক্ষার্থী। আবেদনের ভিত্তিতে ‘বি’ ইউনিটে প্রতি আসনে গড় প্রতিদ্বন্দ্বী ছিলেন ৩৮ দশমিক ৩৬ জন শিক্ষার্থী। ‘বি’ ইউনিটে ঢাকায় ১৩ হাজার ৮৩৮ জন শিক্ষার্থী ও সিলেটে ৮ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় আবেদন করেছিলেন।
এদিকে ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত না হলেও আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষার সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে কাজ চলছে।
এদিকে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকার কেন্দ্র পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোসলেহ উদ্দিন আহমদ প্রমুখ। অপরদিকে সিলেটে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী, সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম ও রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির প্রমুখ।





