১৭৮ বুথে শাকসুর ভোট গ্রহণ
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৯:০২:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) শাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আব্দুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুসারে ৬টি কেন্দ্রের ১৯টি কক্ষের ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হবে। শাকসুর মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৩০ জন।
শাকসুর ওয়েবসাইটের তথ্য মতে, একাডেমিক ভবন ‘ই’ এর চারটি কক্ষের ৪০টি বুথে শাহপরাণ হলের ২ হাজার ২১৬জন, একাডেমিক ভবন ‘ডি’ এর চারটি কক্ষের ৩০টি বুথে আয়েশা সিদ্দিকা হলের ১ হাজার ৩৪৬জন, একাডেমিক ভবন ‘সি’ এর চারটি কক্ষের ৪০টি বুথে বিজয় ২৪ হলের ২ হাজার ১৭৫ জন, নতুন সামাজিক বিজ্ঞান ভবনের তিনটি কক্ষের ২৪টি বুথে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ১ হাজার ১৮১জন, সেন্টার অফ এক্সিলেন্স ভবনের তিনটি কক্ষের ৩০টি বুথে সৈয়দ মুজতবা আলী হলের ১ হাজার ৪২৫ জন ও নতুন সামাজিক বিজ্ঞান ভবনের দুটি কক্ষের ১৪টি বুথে ফাতেমাতুজ জাহরা হলের ৬৮৭জন ভোটার শাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
কমিশন জানায়, আগামী ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শাকসুর ভোটগ্রহণ করা হবে। এবার ৯ হাজার ৩০ জন ভোটার রয়েছেন। কেন্দ্রীয় সংসদে তিনটি প্যানেলে ২৩টি পদে ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নানা টালবাহানা আর অনিশ্চয়তা কাটিয়ে প্রায় ২৯ বছর শাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ১৯৯৭ সালে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।





