শাবির ফল প্রকাশ ১ সপ্তাহের মধ্যে
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ৯:১১:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দিনক্ষণ চূড়ান্ত না হলেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করতে ১ সপ্তাহ লাগবে বলে জানিয়েছে ভর্তি কমিটি। আজ শুক্রবার ঢাকা থেকে ওএমআর মেশিন ক্যাম্পাসে এসে পৌছালে কাজ শুরু হবে। কাজ শুরু হলে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ বলা যাবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি অধ্যাপক আহমদ কবির চৌধুরী। তবে তিনি বলেন, আশা করি, ১ সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।
এর আগে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) ও বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা ও সিলেটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটে ৯৮৫ আসনের বিপরীতে ৪৩ হাজার ২৩৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ‘এ’ ইউনিটে মোট আবেদন করেছিলেন ৫২ হাজার ৮২৩ জন। ‘বি’ ইউনিটে ৫৮১ আসনের বিপরীতে ১৮ হাজার ২৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ‘বি’ ইউনিটে আবেদন করেছিলেন ২২ হাজার ২৯২ জন শিক্ষার্থী।





