এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ৯:১১:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী ২১ এপ্রিল এ পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে ২০ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ রুটিন প্রকাশ করে।
রুটিনে বলা হয়েছে, ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১৮ জুনের মধ্যে হাতে লেখা নম্বরফর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে। সঙ্গীত বিষয়ের সঙ্গীত অংশের ব্যাবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীকে প্রবেশপত্র, নিবন্ধনপত্র, বাদ্যযন্ত্র, তবলাবাদক ও শনাক্তকারী শিক্ষকসহ নিজ খরচে নির্ধারিত তারিখে সকাল সাড়ে ৯ টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে। কোনোক্রমেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না।





