সেনা অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ৯:৩৩:১৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে মধ্যরাতে অভিযান চালিয়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন- সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক ও মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা মো: সেলিম মিয়া।
আটকের সময় তাদের কাছ থেকে দা, লাঠি, চাকু, হাতুড়িসহ বেশ কিছু দেশীয় অস্ত্র, কয়েকটি মোবাইল ফোন, একাধিক ল্যাপটপ ও মদের বোতল জব্দ করা হয়। বৃহস্পতিবার পৃথক সময়ে তাদেরকে এসএমপির কোতোয়ালী ও এয়ারপোর্ট থানায় হস্থান্তর করা হলে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি খান মো. মঈনুল জাকির জানান, সকালে মানিককে সন্দেহভাজন হিসেবে আমাদের কাছে সোপর্দ করা হয়। বিকেলে আমরা তাকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছি। এরআগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে তার বাসা থেকে আটক করে সেনাবাহিনী।
প্রায় একই সময়ে নগরীর পীরমহল্লার বাসা থেকে মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা মো: সেলিম মিয়াকে আটক করে সেনাবাহিনী। পরে বৃহস্পতিবার সকালে মানিককে কোতোয়ালী থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর অভিযানকারী দলটি।
এদিকে বৃহস্পতিবার সকালে স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম মিয়াকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্থান্তর করে সেনাবাহিনী। এর সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি শাহ মো. মোবাশ্বির জানান, সেনাবাহিনী সেলিম মিয়াকে থানায় হস্থান্তর করার পর ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে বিএনপি নেতা মানিকের পরিবারের দাবি বুধবার গভীর রাত আনুমানিক ৩টার সময় সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিকের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যায় সেনা সদস্যরা।





