হবিগঞ্জে ধানের তুষের নিচে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৬, ৯:৪৪:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে ধানের তুষের নিচ থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক ও গাঁজা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লাখ টাকা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) এর সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এসময় ট্রাকের ভেতরে ধানের তুষভর্তি বস্তার নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিকভাবে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।
এদিকে একই দিন রাতে চুনারুঘাট উপজেলার ৫৫ বিজিবির চিমটিবিল বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসপাড়া রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে ঝোপঝাড়ের মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, জব্দকৃত ভারতীয় কসমেটিকস ও গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।





