ফেঞ্চুগঞ্জে নির্বাচনী সমীকরণ: বিএনপির ঐক্য প্রচেষ্টা, মাঠে সক্রিয় জামায়াত
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ৮:৪৪:৪৯ অপরাহ্ন

হাসান চৌধুরী ফেঞ্চুগঞ্জ থেকে: ১৬ বছর ধরে সাজানো নির্বাচন, রাতের ভোট আর জাতিকে জিম্মি করে এমপি তৈরীর রাজনীতির পর শিল্প শহর ফেঞ্চুগঞ্জে বইছে নির্বাচনী হাওয়া। মাঘের কনকনে শীত উপেক্ষিত ভোটের উত্তাপে। ভোটারদের মন জয় করতে প্রার্থীদের নির্বাচনী তৎপরতায় সর্বত্র বইছে ভোটের উৎসব-যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৩ আসনের অন্তর্গত ফেঞ্চুগঞ্জ উপজেলায় জমে উঠেছে নির্বাচনী মাঠ। এ উপজেলায় মোট ভোটার ৯৩ হাজার ৩৯০জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ২৭৭ জন মহিলা ভোটার ৪৬ হাজার ১১২ জন। ভোটকেন্দ্র রয়েছে ৩৬টি। নির্বাচনের বাকি ২৫ দিন। ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি ৩ ভাগে বিভক্ত ছিল। সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির প্রভাবশালী দুই নেতা যথাক্রমে ব্যারিষ্টার আব্দুস সালাম ও আব্দুল মালিক —এ তিন বলয়ে বিভক্ত উপজেলা বিএনপি। ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে আসলে ধানের শীষ প্রতীকে গনজোয়ার পরিলক্ষিত হয়। বলয় বেষ্টিত নেতা-কর্মীরা স্বীয় বলয়ের নেতাকে সংসদ সদস্য প্রার্থী করতে তীব্র আকঙ্খায় চাঙ্গা হয়ে ওঠে, কিন্তু বিধিবাম-চুড়ান্ত মনোনয়ন দেয়া হয় যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালিককে। এরপর স্থবির হয়ে যায় অপর দুই বলয়ের নেতা-কর্মীদের কার্যক্রম। জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ দলে ঐক্য ফেরাতে মরিয়া হয়ে উঠেন। কেন্দ্রের নির্দেশে ইতিমধ্যে এ উপজেলায় বিএনপি ঐক্যবদ্ধ হওযার প্রয়াস লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে বর্ধিত সভার মাধ্যমে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়, যদিও ইউনিয়ন পর্যায়ে এখনও ঢেলে সাজানো হয়নি নির্বাচনী মাঠ।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান ছুফি চৌধুরী জানান, ফেঞ্চুগঞ্জে বিএনপি শক্তিশালী অবস্থানে রয়েছে। উপজেলা বিএনপি ৩ বলয়ে বিভাজন থাকলেও ধানের শীষ প্রতীক প্রশ্নে এবং দলীয় আনুগত্যে সবাই আন্তরিক। গত ৭ জানুয়ারি ফেঞ্চুগঞ্জে বর্ধিত সভার মাধ্যমে ঐক্যবন্ধ বিএনপি নির্বাচনি ট্রেনে যাত্রা শুরু করেছে বলে তিনি জানান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহার জানান, ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নে বিদ্যমান কমিটির সাংগঠনিক পদের সুপার ফাইভকে নির্বাচন পরিচালনা কমিটি দেয়ার জন্য বলা হয়েছে। ইতিমধ্যে ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন ও ২নং মাইজগাঁও ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন হয়েছে। অপর ৩ ইউনিয়ন-৪নং উত্তর কুশিয়ারা, ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ এবং ৩নং ঘিলাছড়া ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের জন্য ১৭ জানুয়ারি পর্যন্ত সময় বেধে দেয়া হয়েছে। তিনি বলেন, ১৭ জানুযারী রাত ১০টার মধ্যে উল্লেখিত ইউনিয়নগুলোর কমিটি গঠনের কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সিলেট ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালিক জানান, সিলেট-৩ আসন বিএনপির ঘাটি। দলের প্রভাবশালী নেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও ব্যারিস্টার আব্দুস সালামসহ ৩ উপজেলার বিএনপি ও অংঙ্গসংগঠন জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে আজ ঐক্যবদ্ধ। তিনি বলেন, আসন্ন নির্বাচনে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জয়ের ব্যপারে তিনি শতভাগ আশাবাদী বলে অভিমত ব্যক্ত করেন।
সিলেট-৩ আসনকে জামায়াতে ইসলামীর অন্যতম ঘাটি হিসেবে বিবেচনা করা হয়। বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগের আমলে দীর্ঘ সময় এই আসনের গুরুত্বপুর্ণ উপজেলা দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন জামায়াত নেতা মাওলানা লোকমান আহমদ ও সাইফুল্লাহ আল হোসাইন। সংগত কারণে সিলেট-৩ আসনে জামায়াতে ইসলামী শক্ত অবস্থানে রয়েছে। নির্বাচন বিশ্লেষকদের মতে দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জে জামায়াতের ভোট ব্যাংক রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদকে জামায়াতে ইসলামীর জোট থেকে মনোনয়ন দেয়া হয়। তার পক্ষে নির্বাচনী মাঠে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন। ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামী সুসংগঠিত। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইমরান আহমদ চৌধুরী জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেঞ্চুগঞ্জে নির্বাচনী মাঠ ঢেলে সাজানো হয়েছে। ইতিমধ্যে উপজেলার ৫ ইউনিয়নে শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আগে থেকেই ওই কমিটি মাঠে সক্রিয় রয়েছে। সিলেট-৩ আসনের জামায়াত ইসলামী জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ জানান, সিলেট-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে সবসময় পাশে ছিল। তিনি নিজেও দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে দীর্ঘদিন থেকে জনকল্যাণমুলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। জামায়াতের এই নেতা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের মতো আর কেউ এদেশে মানুষের মহামুল্যবান ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না। এমন চেষ্টা হলে এদেশের মানুষ কঠোর হস্তে তা দমন করবে। আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান।





