ছাতকে বাস-পিকআপ সংঘর্ষ পিকআপ চালক নিহত
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ৯:০৩:১০ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এনা পরিবহনের একটি বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি পিকআপ ভ্যানের চালক। শনিবার সকাল সাড়ে ছয়টার সময় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বুরাইগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর এনা পরিবহনের বাসটি সড়কের পাশের একটি ছোট খালে পড়ে যায় এবং পিকআপ ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে ৭ থেকে ৮ জন বিভিন্নভাবে আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে এনা পরিবহনের চালকও রয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।
জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, সকালে ছাতকের গোবিন্দগঞ্জ এলাকার বুরাইগাঁও গ্রামে পিকআপ ভ্যান ও এনা পরিবহনের একটি বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক নিহত হন। নিহত চালকের নাম রাকিব। তিনি যশোর জেলার বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া পিকআপের সামনের সিটে থাকা অপর এক আরোহী ও এনা পরিবহনের বাসচালক গুরুতর আহত হয়েছেন।





