সুনামগঞ্জে হ্যালোর উদ্যোগে দুইদিন ব্যাপী শিশু বিষয়ক কর্মশালা শুরু
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ৯:২৮:১৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে শিশু সাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। শনিবার ১৭ জানুয়ারি সকালে জেলা সমাজসেবা ভবনের হলরুমে কর্মশালার শুভ উদ্বোধন করেন জেলা কালচারাল অফিসার আহমদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল। ইউনিসেফের সহযোগিতায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই আয়োজন করে। এতে জেলার স্কুল ও মাদরাসা পড়ুয়া সপ্তম থেকে দশম শ্রেণির ২০ জন শিক্ষার্থী অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হ্যালোর প্রশিক্ষক মো. মনির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু সাংবাদিকতা বিষয়ক এই প্রশিক্ষণ কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নিজেদের প্রতিভাকে তুলে ধরার পাশাপাশি নিজেদের অধিকার, কর্তব্য সম্পর্কেও বিস্তর জানতে পারবে। যার মাধ্যমে একজন শিশু ভবিষ্যতে একজন অগ্রসর নাগরিক হিসেবে গড়ে ওঠবে। এই প্রশিক্ষণ কর্মশালার ছোট শিশুরা বড়ো স্বপ্ন দেখার সাহস পাবে। প্রশিক্ষণলব্দ অভিজ্ঞতা কাজে লাগিয়ে পড়ালেখার ফাঁকে ফাঁকে শিশু অধিকার নিয়ে কথা বলা ও লেখার আহ্বান জানান বক্তারা। বক্তারা আরো বলেন, বাংলাদেশ নানা সমস্যায় জর্জড়িত। এর মধ্যে শিশুদের অধিকার নিয়ে কথা বলেনা কেউ। তাদের দাবি দাওয়া অপূর্ণ থেকে যায়। ঘরে বাইরে তাদের অধিকার লঙ্গিত হচ্ছে। ছোট বলে অনেক সময় তাদের কথাগুলোকে বড়োরা পাশ কাটিয়ে যায়। শিশুদের কথাকে গুরুত্ব দিয়ে বড়োদের শুনতে হবে।
আগামীকাল রবিবার বিকেলে দুইদিন ব্যাপী কর্মশালা সম্পন্ন হবে। কর্মশালায় অংশগ্রহণকারী শিশুদের সার্টিফিকেট প্রদান করা হবে। প্রথম দিনের কর্মশালায় প্রশিক্ষক মো. মনির হোসেন শিশুদের অধিকার, দেশ ও বিদেশের শিশুদের পরিস্থিতি নিয়ে কথা বলেন। পাশাপাশি তিনি সহজে সাংবাদিকতার মৌলিক বিষয়েরও ধারণা দেন শিশুদের।
কর্মশালায় সুনামগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন উপজেলার স্কুল ও মাদরাসা থেকেও শিক্ষার্থীরা অংশ নিয়েছে। তারা প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে শিশু অধিকার নিয়ে কাজ করার প্রত্যয় জানিয়েছেন।





