ভোটের নানামূখী পরিকল্পনা জামায়াতের
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ১২:০৫:৫৩ অপরাহ্ন
রাষ্ট্র পরিচালনার ‘পলিসি পেপার’ ও ইশতেহার চূড়ান্তের পথে

জালালাবাদ রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানামুখী পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নিজেদের নির্বাচনী ইশতেহার ও রাষ্ট্র পরিচালনার বিশেষ ‘পলিসি পেপার’ চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে। একইসাথে নির্বাচনী ইশতেহারও চূড়ান্ত করেছে বৃহৎ এ দলটি।শনিবার সকালে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরী অধিবেশনে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠক চলাকালীন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এসব তথ্য নিশ্চিত করেন।
জুবায়ের বলেন, এবারের নির্বাচনে জামায়াত কেবল প্রথাগত ইশতেহারই নয়, বরং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ ‘পলিসি পেপার’ তৈরি করছে। এই নীতিনির্ধারণী নথি তৈরির কাজে দলের অভ্যন্তরীণ জনশক্তির পাশাপাশি বাইরে থেকেও বেশ কয়েকজন বিশেষজ্ঞ ব্যক্তি অংশ নিয়েছেন।
‘পলিসি পেপার’-এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে পলিসি পেপার প্রয়োজন হয়। এসব বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে চূড়ান্ত হলে জাতিকে জানানো হবে এবং দলের ওয়েবসাইটেও দেওয়া হবে।
নির্বাচনি প্রচারণার বিষয়ে সহকারী সেক্রেটারি জেনারেল জানান, আগামী ২২ তারিখ থেকে জামায়াতের নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। প্রচারণার বিস্তারিত শিডিউল এবং ইশতেহার আজকের বৈঠকেই চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
ইসলামী আন্দোলনের জন্য ৪৭টি আসন রেখে জামায়াত জোটের আসন ঘোষণা করা হয়েছিল। সেই আসনগুলোর বিষয়ে এখন কী সিদ্ধান্ত হবে-জানতে চাইলে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আসনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে লিয়াজোঁ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সিদ্ধান্ত নিয়ে জানালে শীর্ষ নেতৃত্ব বসে সিদ্ধান্ত নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাহী পরিষদের এই বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কমিশনের ভূমিকা, লেভেল প্লেয়িং ফিল্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের সময় কম থাকায় গতকালের বৈঠকেই অধিকাংশ এজেন্ডা চূড়ান্ত করেছে দলটি।
সকাল ৯টা থেকে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠকটি চলমান রয়েছে।এদিন জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সঙ্গে দেখা করার পর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সাংবাদিকদের বলেন, এই ৪৭টি আসন এখন জোটে থাকা ১০টি দলের মধ্যে বণ্টিত হবে।
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, ইসলামী আন্দোলনের ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি অনাকাঙ্খিত। তবে তারা যদি ঐক্যে না থাকে, সেটাতে তেমন কোনো প্রভাব পড়বে না।





