মৌলভীবাজার-১ আসন: শিক্ষায় এগিয়ে ৬ জন, পিছিয়ে জাপা প্রার্থী
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৭:৩৩:৪৩ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে মনোনয়ন দাখিলকারী স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৭ জন সংসদ সদস্য পদপ্রার্থীর ৬ জনই শিক্ষায়-দীক্ষায় বেশ সমৃদ্ধ। তিনজন প্রার্থীর রয়েছে স্নাতকোত্তর ডিগ্রি, একজন স্নাতক ডিগ্রিধারী, একজন এলএলবি ডিগ্রিধারী ও একজনের শিক্ষাগত যোগ্যতা স্নাতক প্রথম বর্ষ। কেবল জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন রয়েছেন শিক্ষায় বেশ পিছিয়ে। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি।
মনোনয়নপত্রের সাথে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্যানুযায়ি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাসির উদ্দিন আহমেদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলামের রয়েছে স্নাতকোত্তর ডিগ্রি। স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদের রয়েছে এমএ সমমানের কামিল ডিগ্রি। গণঅধিকারের মনোনীত প্রার্থী মো. আব্দুন নুর সম্পন্ন করেছেন মাস্টার্স। গণফ্রন্ট মনোনীত প্রার্থী মো. শরিফুল ইসলামের রয়েছে এলএলবি ডিগ্রি। জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিনের শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি। খেলাফত মজলিসের সংসদ সদস্যপ্রার্থী মৌলভী লোকমান আহমদের রয়েছে স্নাতক প্রথমবর্ষ সমমানের ডিগ্রি ফজিলত প্রথম বর্ষ।





