‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেলের ৯ দফা ইশতেহার ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৮:০৪:৩৫ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে গঠিত ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারে সুশাসন, জবাবদিহি ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতসহ মোট ৯টি দফা অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী মুহয়ী শারদ আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারের দফাগুলোর মধ্যে রয়েছে, সুশাসন নিশ্চিত করা, জবাবদিহিমূলক ক্যাম্পাস গঠন, একাডেমিক উন্নয়ন ও গবেষণা কার্যক্রম বৃদ্ধি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা, অসাম্প্রদায়িক ক্যাম্পাস গড়ে তোলা ও ন্যায়ভিত্তিক অধিকার প্রতিষ্ঠা, ডিজিটাল ও স্মার্ট ক্যাম্পাস সুবিধা নিশ্চিত করা, চিকিৎসা ও উন্নত স্বাস্থ্যসেবা প্রদান, অবকাঠামো উন্নয়ন এবং যাতায়াত ও সামগ্রিক জীবনমানের উন্নয়ন সাধন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেলটি শাবিপ্রবির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রিয়াশীল সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত। এ প্যানেল থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি, জিএস, এজিএসসহ মোট ১৭টি পদে প্রার্থী রয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারটি শিক্ষাভবনসহ মোট ছয়টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৩০ জন।





