পাপড়ি-করামত আলী সাহিত্য উৎসব
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৭:৫৯:৫৫ অপরাহ্ন

সৃজনশীল প্রকাশনা সংস্থা পাপড়ির উদ্যোগে অনুষ্ঠিত হলো কবি ও শিক্ষাবিদ মরহুম করামত আলী স্মরণে ‘পাপড়ি-করামত আলী সাহিত্য উৎসব ২০২৬’।
শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চারঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি অধ্যক্ষ কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর। সংবর্ধিত অতিথিদের মধ্য থেকে বক্তব্য দেন পাপড়ি-করামত আলী আজীবন সম্মাননাপ্রাপ্ত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবীর আহমদ সোহেল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী ও গণমাধ্যমকর্মীরা। গল্পকার ও নাট্যাভিনেতা মিনহাজ ফয়সলের সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন পাপড়ির কর্ণধার কামরুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে মুকতাবিস-উন-নূর বলেন, মরহুম করামত আলী ছিলেন একাধারে শিক্ষাবিদ ও সৃজনশীল মানুষ। তাঁর চিন্তা, লেখা ও জীবনদর্শন নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তাঁর নামে আয়োজিত এই সাহিত্য উৎসব সাহিত্যচর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধিত অতিথি কবি রাগিব হোসেন চৌধুরী বলেন, করামত আলী ছিলেন নির্লোভ, প্রজ্ঞাবান ও দায়বদ্ধ একজন শিক্ষক-সাহিত্যিক। শিক্ষা ও সাহিত্য-দুই ক্ষেত্রেই তিনি মানুষের ভেতরের মানুষটিকে জাগ্রত করতে চেয়েছেন। তাঁর সান্নিধ্যে আসা মানুষ আলোকিত না হয়ে ফিরতে পারেনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কবি আমিনুল ইসলাম কাজল, পাপড়ি-করামত আলী সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি বাছিত ইবনে হাবীব, কথাসাহিত্যিক মোহাম্মদ আব্দুল হক, শেরপুর জেলা থেকে আগত কবি-গবেষক আশরাফ আলী চারু, দিশারী শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক কণ্ঠশিল্পী সানাউল ইসলাম সুয়েজ, শেকড়সন্ধানী কবি সরওয়ার ফারুকী, কবি কামাল আহমদ, প্রাবন্ধিক মাজহারুল ইসলাম জয়নাল, কবি আজমল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে পাপড়ি-করামত আলী সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখকদেরকে পদক প্রদান করা হয়। এছাড়া ২০২৫ সালের বেস্টসেলার লেখকদেরকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিজ্ঞপ্তি





