সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করতে প্রার্থী ও নাগরিক সমাজের অঙ্গীকার
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৭:১১:৫৪ অপরাহ্ন

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)-এর উদ্যোগে সোমবার সকালে সিলেটে সহিংসতামুক্ত নির্বাচন ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিতকরণ বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় সিলেট থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, তরুণ নেতৃত্ব এবং নাগরিক সমাজের প্রতিনিধিসহ মোট ৩০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। সভার প্রধান লক্ষ্য ছিল নির্বাচনকে শান্তিপূর্ণ, দায়িত্বশীল এবং সহিংসতামুক্ত রাখতে প্রার্থী ও নাগরিক সমাজের অঙ্গীকার নিশ্চিত করা।
সভায় সভাপতির বক্তব্যে বিইআই-এর প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির বলেন, একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রা নিশ্চিত করতে হলে নির্বাচনী সহিংসতা বন্ধ করা অত্যন্ত জরুরি। তিনি দায়িত্বশীল রাজনৈতিক আচরণ, সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
সভায় উপস্থিত রাজনৈতিক প্রার্থী, সিভিল সোসাইটি প্রতিনিধি ও অন্যান্য অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে অঙ্গীকার ব্যক্ত করেন যে তাঁরা কোনো ধরনের নির্বাচন সংক্রান্ত সহিংসতায় জড়িত হবেন না এবং সহিংসতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখবেন। একই সঙ্গে তারা গণতান্ত্রিক চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।
সভায় বক্তব্য রাখেন সিলেট-১ আসনে জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ কমিউনিস্ট মনোনীত প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. শামীম মিয়া। বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন-নুর, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী ও ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক খালেদ আহমদ, দৈনিক সিলেটের ডাক এর অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, জেছিসের নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম, এডভোকেট সৈয়দা শিরিন আক্তার, আকবেট এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েম প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) ২০০০ সালে প্রতিষ্ঠিত একটি বেসরকারি, অরাজনৈতিক ও অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান, যা প্রতিষ্ঠার পর থেকে সুশাসন, পররাষ্ট্রনীতি, নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ ও নীতিনির্ধারণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজ্ঞপ্তি





