তারেক রহমানকে স্বাগত জানিয়ে যুবদলের প্রচার মিছিল
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৬, ৭:৩০:৪৭ অপরাহ্ন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে মঙ্গলবার নগরীতে প্রচার মিছিল বের করে সিলেট জেলা ও মহানগর যুবদল।
মঙ্গলবার দুপুরে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেকের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, তারেক রহমানের এই সফর সিলেটের রাজনীতিতে এক নতুন প্রাণসঞ্চার করেছে। দীর্ঘ সময় ধরে নানামুখী ষড়যন্ত্র এবং অপপ্রচারের মাধ্যমে তাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু আজকের এই জনসমুদ্রই প্রমাণ করে যে, ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি; বরং তারা চরমভাবে ব্যর্থ হয়েছে।
সভাপতির বক্তব্যে মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক বলেন, দেশনায়কের প্রতিটি নির্দেশ পালন করতে সিলেটের যুবদল রাজপথে অতন্দ্র প্রহরীর মতো প্রস্তুত রয়েছে। বিজ্ঞপ্তি





