শাকসু নির্বাচন স্থগিতে বিএনপি ছাত্রদলকে দায়ী করলেন শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৬, ৭:৩৪:২০ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসন নয় বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদলকে দায়ী করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ২টায় ‘প্রশাসনিক ভবন-১’ এর সামনে শাকসু নির্বানের ষড়যন্ত্রের বিষয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন শিক্ষার্থীরা।
শাকসুর স্বতন্ত্র জিএস প্রার্থী পলাশ বখতিয়ার বলেন, এখানে (নির্বাচনে) সুক্ষè একটি সমস্যা আছে সেটা হয়তো সবাই হয়তো ধরতে পারছেন। একটি রাজনৈতিক দল বিএনপি এবং তাদের অঙ্গসংগঠন ছাত্রদল তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই নির্বাচনকে আটকানোর জন্য চেষ্টা করছে। যার কারণে আমাদের লড়াইটা আরও দীর্ঘ হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বা শিক্ষার্থীদের লড়াই করার জায়গাটা খুব ছোট। একটি রাজনৈতিক দল যখন তার সমস্ত শক্তি ব্যবহার করে আমাদের বিরুদ্ধে ও শাকসু নির্বাচন আটকানোর জন্য কাজ করে তখন আমাদের লড়াইটা আরও বড় শক্তির জন্য হয়ে যায়। তারা (বিএনপি) চেষ্টা করছে রায় যাতে চেম্বার কোর্টের শুনানিতে না উঠে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নির্বাচন আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের ভিসি স্যার যতগুলো মাধ্যমে কথা বলা যায় সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছেন। বিচারপতি থেকে শুরু করে প্রধান উপদেষ্টা সবার দপ্তরে কল দিয়েছেন যাতে শাবিপ্রবির শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করা যায়।
তিনি আরও বলেন, উপাচার্য স্যার নির্বাচনের বিষয়ে খুবই আশাবাদী তবে রিটকারীর সাথে যে আইনজীবীদের দেখা গেছে তারা বিএনপিপন্থী। তারা বিষয়টিকে এমন পর্যায় নিয়ে গেছে এটি এখন আর আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, জাতীয় ইস্যুতে পরিনত হয়েছে। বিএনপি আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেই কারণে আমাদের লড়াইটা আরও দীর্ঘ হয়েছে।





