আলিয়া মাদ্রাসার সমাবেশে ব্যাপক লোক সমাগমের টার্গেট বিএনপির
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৬, ৯:৪২:৩৫ অপরাহ্ন
সাংবাদিকদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার : সিলেটে নিজেদের প্রথম নির্বাচনী সমাবেশে কয়েক লাখ জনসমাগমের লক্ষ্য নির্ধারণ করেছে বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার প্রায় ২২ বছর পর সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠেয় জনসভায় উপস্থিত থাকবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির আশা ব্যক্ত করে বলেন, বৃহস্পতিবারের সমাবেশে সিলেট ও পার্শ্ববর্তী সুনামগঞ্জ থেকে কয়েক লাখ নেতাকর্মী উপস্থিত হবেন। তিনি বলেন, এটি কোনো বিভাগীয় সমাবেশ নয়, তবু সাম্প্রতিক সময়ে সিলেটের অন্যতম বড় জনসমাবেশ হবে এটি।
বৃহস্পতিবারের আলিয়া মাদ্রাসার সমাবেশকে সফল করতে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। নগরীর কুমারপাড়াস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে উক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করতে সিলেটের সর্বস্তরের সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বিএনপি নেতৃবৃন্দ বলেন- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমাবেশ সিলেটের মানুষের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টিতে সহায়ক হবে। তারেক রহমানের সার্বিক নিরাপত্তার ব্যাপারের আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বিপুল জনসমাগম সামাল দিতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় ইউনিটগুলোকে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে মাঠে নামানো হয়েছে। প্রত্যাশিত জনসমাগমের কথা বিবেচনায় রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
প্রসঙ্গত- সবশেষ ২০০৪ সালে সিলেট সফরে এসেছিলেন তারেক রহমান। প্রায় ২২ বছর পর বুধবার রাতে তার শহরে পৌঁছানোর কথা রয়েছে। বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করবেন তিনি। পরে সমাবেশে ভাষণ দেবেন বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।





