লন্ডনে লরিচাপায় আহত সিলেটী শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৬, ৯:৪৫:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে সড়ক দুর্ঘটনায় লরিচাপায় গুরুতর আহত হয়ে টানা পাঁচ দিন ধরে চিকিৎসাধিন থাকা অবস্থায় মারা গেলেন সিলেটের শিক্ষার্থী নাফিউল হক শাকিল (২৩)। সে সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি ব্রাহ্মণ গ্রামের ফয়জুল করিমের ছেলে। সোমবার (১৯ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
জানা গেছে, গত ১৪ জানুয়ারি রাতে লন্ডনের কমার্শিয়াল রোডে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারের দরজা হুট করে খুলে ফেললে সাইকেল আরোহী শাকিল ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি লরি তার ওপর দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পাঁচদিন পর সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে ওই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাফিজ সোহেল আহমেদ জানান, গত বছর উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে যুক্তরাজ্যে আসেন শাকিল। আর্থিক সঙ্কটে পড়ালেখা সম্পন্ন করা হয়নি। পরবর্তীতে জীবিকার তাগিদে ফুড ডেলিভারি কাজে নিয়োজিত হয়ে পড়েন।
এর আগে, গত ১১ জানুয়ারি যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের বোলটন এলাকায় এক সড়ক দুর্ঘটনায় চারজন বাংলাদেশী নিহত হয়েছেন। স্বজনরা জানান, মাত্র এক বছর আগে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে যান শাকিল। তিনি লন্ডনের সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়াশোনা করছিলেন। পড়াশোনার পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য তিনি ফুড ডেলিভারির কাজ করতেন।





