লিবিয়ায় অপহরণ করে টাকা আদায় : সিলেট থেকে যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৬, ৯:৪৭:৫৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : লিবিয়ায় প্রবাসী সুমন মিয়া নামের এক যুবককে অপহরণ করে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আদায়ের ঘটনায় সিলেটের বিয়ানীবাজার থেকে ছাদেক আহমদ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিয়ানীবাজার থানাধীন বৈরাগীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ। গ্রেফতারকৃতকে এসএমপির জালালাবাদ থানায় হস্থান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
র্যাব সূত্র জানিয়েছে, ভিকটিম সুমন মিয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন চর কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি প্রায় ৮ বছর আগে জীবিকার সন্ধানে লিবিয়ায় যান এবং সেখানেই অবস্থান করছিলেন। লিবিয়ায় সুমনের সঙ্গে আবু বক্কর নামের এক ব্যক্তির পরিচয় হয়। ঘটনার প্রায় তিন মাস আগে সুমনের পাসপোর্টের মেয়াদ শেষ হলে তিনি নবায়নের জন্য আবু বক্করের কাছে পাসপোর্টটি দেন। এরপর ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সুমন বাংলাদেশে থাকা তার পরিবারকে ফোন করে জানান, আবু বক্করসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন তাকে অপহরণ করেছে এবং মুক্তিপণ দাবি করছে। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে ভিকটিমের পরিবারের সদস্যরা সুমনের দেওয়া তিনটি মোবাইল নম্বরে বিভিন্ন সময় বিকাশের মাধ্যমে মোট ৩ লাখ ১৭ হাজার টাকা পাঠান। টাকা পাঠানোর পর থেকেই পরিবারের সঙ্গে সুমনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে ২০২৫ সালের ২০ ডিসেম্বর সকালে অজ্ঞাত এক ব্যক্তি একটি মোবাইল নম্বর থেকে ভিকটিমের ভাই রিয়াদ হোসেনকে ফোন করে আরও ৩-৪ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে আবু বক্করের মাধ্যমে সুমনকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় সে।
এ ঘটনায় প্রবাসী সুমনের ভাই রিয়াদ হোসেন জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতেই র্যাব অভিযান চালিয়ে ছাদেক আহমদকে গ্রেফতার করে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।





