কানাইঘাটে ‘ভোটের রিকশা’ কার্যক্রমের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ৬:১১:৩৭ অপরাহ্ন

সিলেটের কানাইঘাট উপজেলায় সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার লক্ষ্যে ‘ভোটের রিকশা’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসানের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আজকের এই ‘ভোটের রিকশা’ কার্যক্রম গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরির একটি সময়োপযোগী উদ্যোগ। গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি তাদের মতামত প্রকাশের সুযোগ পাচ্ছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাকে আরও সুদৃঢ় করবে। তিনি বলেন, ভোট হলো নাগরিকের সাংবিধানিক অধিকার ও গণতন্ত্রের মূল ভিত্তি। তাই কোনো প্রলোভন বা ভয়ভীতির কাছে নতি স্বীকার না করে সবাইকে নিজ নিজ ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, ‘ভোটের রিকশা’কার্যক্রম গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে মানুষকে ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করবে এবং সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, কানাইঘাটের জনগণ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে অবদান রাখবে।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক বলেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের মাঝে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে ‘ভোটের রিকশা’ কার্যক্রম একটি কার্যকর উদ্যোগ। তিনি জানান, আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে ভোটের রিকশার মাধ্যমে ধারাবাহিকভাবে প্রচার কার্যক্রম পরিচালিত হবে। এ প্রচারণার মাধ্যমে ভোটারদের ভোট প্রদানের নিয়ম, ভোটের গুরুত্ব ও নাগরিক দায়িত্ব সম্পর্কে অবহিত করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





