মৌলভীবাজার-২ আসনে প্রতীক পেলেন ৮ প্রার্থী
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ৬:৩৭:৫৬ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়নপত্র দাখিলকারী বিএনপি, জামায়াতসহ মোট ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল।
কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু পেয়েছেন (ধানের শীষ) প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী পেয়েছেন (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খান (ফুটবল), স্বতন্ত্র প্রার্থী ও আল-ইসলাহ নেতা মো. ফজলুল হক খান সাহেদ (কাপ-পিরিচ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস (হাতপাখা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক (লাঙ্গল) প্রতীক, বাসদ (মার্কসবাদী) প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী (কাঁচি) এবং স্বতন্ত্র প্রার্থী এম. জিমিউর রহমান চৌধুরী পেয়েছেন (ঘোড়া) প্রতীক।





