সুনামগঞ্জ-৫ আসনে ঐক্যবদ্ধ বিএনপি: কলিম উদ্দিন মিলন
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ৬:৩৯:৫৬ অপরাহ্ন

ছাতক সংবাদদাতা: ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় বিএনপি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন। তিনি বলেন, অতীতের মতো আগামীতেও দলের সকল সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনকেন্দ্রিক কর্মকাণ্ড ঐক্যের মাধ্যমেই পরিচালিত হবে। ঐক্যই বিএনপির শক্তি, আর সেই ঐক্যের মধ্য দিয়েই আমরা বিজয়ের পথে এগিয়ে যেতে চাই।
তিনি আরও বলেন, আমরা আগে একসাথে কাজ করেছি, আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি এবং সেই অভিজ্ঞতা থেকেই আমরা জানি-ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত করা সম্ভব। আগামী নির্বাচনসহ সব রাজনৈতিক কর্মকাণ্ড আমরা সম্মিলিতভাবে পরিচালনা করবো।
এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেন, দলের প্রতি এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করে আমি কলিম উদ্দিন আহমেদ মিলন’র সমর্থনে আমার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি।
মঙ্গলবার রাতে ছাতকের রাজাপুর জয়েন্ট কনভেনশন হলে ছাতক-দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও ছাতক পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যে তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ রউফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, জাকির হোসেন, এখলাছ মিয়া তালুকদার, হারুনুর রশিদ, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সালমান, বিএনপি নেতা নুরুল আমিন, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কৃষকদল নেতা নুর উদ্দিন।





