ধলাইয়ে মোবাইল কোর্টের অভিযানে ৪ জনের দন্ড
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ৮:২৩:৪৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ৪ জনকে ৬ মাস করে জেল দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ধলাই নদীর সাদা পাথর, বাংকার ও ধলাই ব্রীজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে অভিযানে পুলিশ ও প্রশাসনের সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। এসময় প্রায় ২৫টি বালু ও পাথরবাহী নৌকা ধ্বংস করা হয় এবং বালু পাথর উত্তোলনের সাথে জড়িত থাকায় সুজন মিয়া, আব্দুল হাকিম, রাইসুল ইসলাম ও আবু কালাম নামে ৪ জনকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান, অবৈধ বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এর সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। এরই মধ্যে অনেককে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। অবৈধ বালু পাথর উত্তোলনের সাথে জড়িত যারাই রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





