তারেক রহমানের সিলেট সফরে নজিরবিহীন নিরাপত্তা
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ৮:৫৮:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : প্রায় ২২ বছর পর সিলেটে সফর করে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ ২০০৪ সালের বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সিলেটে এসেছিলেন তিনি। এরপর দীর্ঘ ১৭ বছরের বেশি সময় যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর সিলেট হয়ে দেশে ফিরলেও পুণ্যভূমিতে পা পড়েনি বিএনপির এই শীর্ষ নেতার। এবার সেই আক্ষেপ পূর্ণ হলো সিলেটবাসীর।
২০২৪ সালের ৫ আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে তারেক রহমানের সিলেট সফরে নজিরবিহীন নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। সিলেট ওসমানী এয়ারপোর্টে নামার পর থেকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সম্মিলিত নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে সিলেট সফর শেষ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে তিনি বুধবার (২১ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী এয়ারপোর্টে নামেন। এরপর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তিনি প্রথমে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন। পরে শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন। রাত ১২টার দিকে তিনি দক্ষিণ সুরমাস্থ তাঁর শশুরবাড়ীতে বেড়াতে যান।
বুধবার ওসমানী এয়ারপোর্টে নামার পর থেকে সিলেট ছাড়ার আগ পর্যন্ত এসএসএফ ছাড়াও বিপুলসংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও ডিবি পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য নিরাপত্তা বলয় ছিল চোখে পড়ার মতো।
সিলেটের আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, তারেক রহমানের সিলেট সফর ও বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে বিভিন্ন বাহিনীর সহস্রাধিক সদস্য নিরাপত্তা কাজে নিয়োজিত ছিলেন। এরমধ্যে এসএমপির ৫ থেকে ৬ শতাধিক পুলিশ সদস্য (ডিবি-সিটিএসবি)সহ নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। র্যাবের শতাধিক সদস্য ড্রেসে এবং সিভিল ড্রেসে দায়িত্ব পালন করেন। এছাড়া সেনাবাহিনী ও বিজিবির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে তারেক রহমানের সিলেট সফর ছিলো নিরাপত্তার চাদরে ঢাকা।





