কোম্পানীগঞ্জে পৃথক অভিযানে গ্রেফতার ৫
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৬, ৬:০২:৪৬ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসন ও পুলিশের পৃথক অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন মোবাইল কোর্টে ও ১ জন সাজাপ্রাপ্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
ধলাই নদীর রোপওয়ে বাংকার, সাদাপাথর ও ধলাই সেতু এলাকা থেকে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে। এসময় বালু পাথর উত্তোলনের সাথে জড়িত থাকায় ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার কালাইরাগ গ্রামের মৃত ফারুক মিয়ার ছেলে আনোয়ার হোসেন আবুল, পুরান বালুচর গ্রামের রসিদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া, আব্দুল সালামের ছেলে মো. কামাল হোসেন ও গাছঘর গ্রামের আমির আলীর ছেলে মো. লাল মিয়া। তাদের মধ্যে আনোয়ার হোসেন আবুলকে ১ বছর ও বাকিদের ৬ মাস করে জেল দেওয়া হয়। পুলিশের অন্য একটি অভিযানে উপজেলার বতুমারা এলাকা থেকে সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত কমর উদ্দিনকে গ্রেফতার করা হয়। সে বতুমারা গ্রামের সমছুদ্দিন ওরফে সমছু এর ছেলে। পুলিশের অন্য একটি অভিযানে পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাজনগর নতুনবাজার এলাকা থেকে ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। মাদক সন্ত্রাস চুরিসহ সব ধরনের অপরাধ নির্মূলে সর্বদা তৎপর রয়েছে থানা পুলিশ। অভিযানে আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া জানান, অবৈধ বালুপাথর উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে। আমরা এর সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসছি।





