বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে : খন্দকার মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ৬:১১:৩৭ অপরাহ্ন

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত দেড় দশকে আওয়ামী লীগ সিলেটে স্বাস্থ্যখাতের উন্নয়নে কোন উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। সিলেটের জনসংখ্যা বাড়লেও ওসমানী হাসপাতালের সক্ষমতা বাড়ানোর কোন উদ্যোগ নেয়া হয়নি। ফলে, ওসমানী হাসপাতালে আসা রোগীরা যথাযথ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিএনপি ক্ষমতায় গেলে হাসপাতালগুলো আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।
শনিবার সকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারণা চালান খন্দকার মুক্তাদির। তিনি নগরীর বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন।
সকালে সিলেট নগরীর জিতু মিয়ার পয়েন্ট থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ শুরু করেন তিনি। পরে শেখঘাট, নবাব রোড, এবি পয়েন্ট, কলাপাড়া, লামাপাড়া, ঘাসিটুলা, মজুমদারপাড়া, শামীমাবাদ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা, নরসিংটিলা ও বর্ণমালা পয়েন্টসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় প্রচারণায় অংশ নেন।
গণসংযোগকালে তিনি পথচারী, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান ও বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সহ-সভাপতি সুদিপ রঞ্জন সেন বাপ্পু, জাহাঙ্গীর আলম, মহানগর যুবদলের সভাপতি নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর কৃষকদলের আহবায়ক হুমায়ুন কবির শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল মুর্শেদ, মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি





