ছাতক-দোয়ারার উন্নয়নে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই : আব্দুস সালাম মাদানী
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ৬:৫০:৩৪ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, অবহেলিত ছাতক-দোয়ারার উন্নয়নে আমাদের কিছু পরিকল্পনা আছে। জনগণ সুযোগ দিলে দুই উপজেলার উন্নয়নে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। শোষনমুক্ত ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
শনিবার দুপুর ১ টায় দোয়ারাবাজার সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে উপজেলা সদরে আয়োজিত প্রচার মিছিলে প্রধান অতিথি’র বক্তব্যে জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ ও সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন। এসময় উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়ারাবাজার উপজেলা হাসপাতালের সামন থেকে শুরু হওয়া প্রচার মিছিলটি দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়, দোয়ারাবাজার থানা, ভূমি অফিস ও দোয়ারাবাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এক জনসভায় মিলিত হয়।





