খাদ্য ও ভূমি উপদেষ্টার কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ৬:৫৯:১০ অপরাহ্ন

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার এর কাছে সিলেট বিভাগের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবীতে সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শনিবার সকালে সিলেট প্রেসক্লাবে সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপদেষ্টার কাছে এ স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রবীণ সাংবাদিক মুহাম্মদ ফয়জুর রহমান, দৈনিক পুণ্যভূমি সম্পাদক আবু তালেব মুরাদ, সিলেট বিভাগ গণদাবী ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন প্রমুখ সাংবাদিকবৃন্দ।
স্মারকলিপিতে পাওয়ার অব অ্যাটর্নী আইন-২০১২ইং ও পাওয়ার অব অ্যাটর্নী বিধি মামলা-২০১৫ইং এর ৪(১-৪) ধারা সংশোধন করে পাওয়ার অব অ্যাটর্নী রেজিষ্টেশনে সম্পত্তি হস্তান্তর আইনের ৫২(ক) ধারা বাধ্যবাধ্যকতা এবং দানপত্র, হেব্বানামা, অছিয়তনামা/ উইল দলিল, ওয়াকফনামা ও ট্রাষ্ট দলিল সম্পাদন ও রেজিষ্ট্রির বিধি নিষেধ প্রত্যাহরে ব্যবস্থা গ্রহণ, সিলেট বিভাগ নিয়ে জালালাবাদ প্রদেশ নামে পৃথক একটি প্রদেশ গঠন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর হতে সকল আন্তর্জাতিক রুটে দেশী বিদেশী সকল যাত্রীবাহী ও কারগো বিমানের ফ্লাইট চালু করা, সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম-কক্সবাজারে বিমানের আভ্যান্তিরন ফ্লাইট বৃদ্ধি ও যৌক্তিক ভাড়া নির্ধারণ, সুপ্রীম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষায় মামলা দায়ের ও পরিচালনার ব্যবস্থা, সিলেটে অবিলম্বে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ স্থান, শমসের নগরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পুর্ণাঙ্গ ঘাটি ও এভিয়েশন বিশ¡বিদ্যালয়’ স্থান, সিলেট বিভাগে বাংলাদেশ নৌ-বাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাটি স্থাপন, সিলেট – আখাউড়া রেল লাইনকে ব্রডগেজ ডাবল লাইনে রূপান্তর, সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার লাইনে বিরতীহীন ট্রেন চালু, ভূমি সংক্রান্ত কাজে প্রবাসীদের পাসপোর্টকে আইডি হিসেবে গণ্য করে সকল আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানানো হয়। বিজ্ঞপ্তি





