কলেজ ছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ দাবী : ভিক্টিম উদ্ধার, গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ৯:১৬:২৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : এক কলেজছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ দাবীর অভিযোগ উঠেছে। এঘটনায় ওই ছাত্রীর পিতার দায়েরকৃত মামলার প্রেক্ষিতে শুক্রবার সিলেট নগরীর সোবহানিঘাট এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৯। এসময় ভিক্টিম কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের নাম সাব্বির (৩০)। সে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার ছোট খোদাতপুর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে।
শনিবার (২৪ জানুয়ারী) প্রেরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। উদ্ধারকৃত ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি গ্রেফতার আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব-৯ সূত্র জানিয়েছে, ভিকটিম সিলেটের জালালাবাদ থানাধীন শাহখুরুম ডিগ্রি কলেজের ছাত্রী। গত ১৪ জানুয়ারি সকালে সে কলেজে যাওয়ার পর আর বাসায় ফিরেনি। পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ওই দিন বিকেলে ভিকটিমের মোবাইল নম্বর থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা ভিকটিমের পিতার নম্বরে ফোন করে হুমকি দেয়। এসময় তারা জানায়, ভিকটিমকে অপহরণ করা হয়েছে এবং দুই ঘণ্টার মধ্যে ১৫ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। বিষয়টি নিশ্চিত হয়ে ভিকটিমের পিতা জালালাবাদ থানায় মামলা করেন। মামলায় বলা হয়, এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে মুক্তিপণের উদ্দেশ্যে ভিকটিমকে অপহরণ করেছে বলে তিনি ধারণা করছেন।
মামলার পর র্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ গত শুক্রবার নগরীর সোবহানিঘাট এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করে এবং ভিকটিমকে উদ্ধার করে।





