প্রেসক্লাব সভাপতি-সম্পাদকের সাথে ইইউ অফিসারের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৭:১৩:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের প্রেস অফিসার এভারহার্ড লিউই। রোববার বিকেলে তিনি প্রেসক্লাব ভবনে মতবিনিময়ে মিলিত হন।
মতবিনিময়কালে এভারহার্ড লিউই বলেন, বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আগামী মার্চ পর্যন্ত ইইউ’র প্রায় শতাধিক পর্যেবক্ষক দায়িত্ব পালন করবেন। দেশের ৬৪ জেলায়ই তারা দায়িত্ব পালন করবেন জানিয়ে তিনি বলেন, তাদের পর্যবেক্ষণের প্রথম রিপোর্ট আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। এটা তাদের টেকনিক্যাল প্রসেস এবং তারা তাদের স্বাধীন ও নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবেন।
প্রেস অফিসার প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে সিলেটের গণমাধ্যমের বিদ্যমান পরিবেশ, গণমাধ্যমের স্বাধীনতাসহ সামগ্রিক নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে চান। জবাবে সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর বলেন, সিলেটের রাজনৈতিক দলগুলোর মধ্যে বরাবরই সম্প্রীতি বিদ্যমান। এ নির্বাচনেও এখন পর্যন্ত এ সম্প্রীতি অটুট রয়েছ। নির্বাচনী পরিবেশ এখনো অনুকূল। বিগত দিনে সিলেট প্রেসক্লাবের পক্ষ থেকে নির্বাচনকালে কন্ট্রোল রুম খোলার বিষয়টি তিনি তাকে অবহিত করেন। এবারও অনুরুপ কন্ট্রোল রুম খোলা হবে।
জবাবে এভারহার্ড লিউই ঐতিহ্যবাহী সিলেট প্রেসক্লাবের সমৃদ্ধ ইতিহাস শুনে মুগ্ধ হন এবং ক্লাব নেতৃবৃন্দ সাংবাদিকতার বিকাশে অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রেসক্লাবে আসার জন্য ইইউ প্রেস অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি





