এসআইইউতে স্প্রিং সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৭:৪১:৩৪ অপরাহ্ন

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৬ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম বলেছেন, পাঠদানে আধুনিকতা এবং নতুন গবেষণার দ্বার উন্মোচন করে সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে এসআইইউ। নবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নগরের প্রাণকেন্দ্রে অথচ নাগরিক কোলাহলমুক্ত পরিবেশে এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর উপযোগী করে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আহবায়ক এবং আইন অনুষদের ডিন অধ্যাপক মো. তোতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। এছাড়াও নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. শামসুল আলম, মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. শফিউল আলম এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, সহযোগী অধ্যাপক খালেদ হোসেন। ইংরেজি বিভাগের প্রভাষক অনামিকা সাহার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও স্বাতী রানী দেবনাথ।
বক্তারা, নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, বিভিন্ন সুযোগ সুবিধা ইত্যাদি তুলে ধরেন। তার আগে নবীন শিক্ষার্থীদের ফুল এবং উপহার দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে স্প্রিং ২০২৬ সেশনে ভর্তিকৃত ইংরেজি, ব্যবসায় প্রশাসন, সিএসই এবং আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। বিজ্ঞপ্তি





